প্রকাশ :: ... | ... | ...

মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে শ্রমিক অসন্তোষ, পাল্টাপাল্টি অভিযোগ


সংযুক্ত ছবি

| ছবি: এম জাবেদ হোসাইন

চট্টগ্রামের মীরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এর বেপজা ইকোনোমিক জোনে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেডে টানা তিন দিন ধরে শ্রমিক অসন্তোষ চলছে। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার (২৩ মে) প্রতিষ্ঠানের সামনে সাধারণ শ্রমিকরা ১৬ দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। মূলত প্রতিষ্ঠানের এইচআর-এডমিন বিভাগের কর্মকর্তা নাহিদা আক্তার মুক্তার পদত্যাগ এবং স্থানীয় শ্রমিকদের চাকরিচ্যুত করার আশঙ্কাকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, প্রতিষ্ঠানের কমার্শিয়াল ম্যানেজার ও দোভাষী মোহাম্মদ জামান উল্ল্যা মালিকপক্ষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন এবং পরিকল্পিতভাবে স্থানীয় শ্রমিকদের চাকরি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাদের দাবি, তিনি নিজের আত্মীয়-স্বজনকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন এবং কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই স্থানীয় শ্রমিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছেন। এছাড়া নারী শ্রমিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অতিরিক্ত সময় কাজ করতে বাধ্য করা, টিফিন ও খাবার সরবরাহে অনিয়মসহ নানা অভিযোগও তুলেছেন শ্রমিকরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ জামান উল্ল্যা। তার দাবি, এইচআর কর্মকর্তা নাহিদা আক্তার মুক্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এদিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা আশাদুল গালিবকে শুক্রবার রাত ৯টার দিকে বড় দারোগাহাট এলাকা থেকে অপহরণ করে সীতাকুণ্ডের একটি অজ্ঞাত স্থানে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। পরে তাকে ইয়াবাসহ পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে দাবি করেন কোম্পানির কর্মকর্তারা। এ ঘটনায় নাহিদা আক্তার মুক্তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে কোম্পানি কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান মোহাম্মদ জামান উল্ল্যা। অন্যদিকে, পদত্যাগকারী কর্মকর্তা নাহিদা আক্তার মুক্তা দাবি করেছেন, তাকে প্রায় ১ হাজার ৪০০ স্থানীয় শ্রমিককে চাকরিচ্যুত করার জন্য চাপ দেওয়া হয়েছিল। তিনি এতে সম্মতি না দেওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন। বেপজা ইকোনোমিক জোনের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক বলেন, খাইশি লিনজেরিতে স্থানীয় শ্রমিকদের চাকরিচ্যুত করার খবরের সত্যতা পাওয়া যায়নি। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রায় ৩ হাজার ৮০০ শ্রমিকের মধ্যে ৩ হাজার ১০০ জনই মীরসরাই ও সীতাকুণ্ড এলাকার স্থানীয় বাসিন্দা। কোম্পানি কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি আরও জানান, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেপজা কর্তৃপক্ষ ও কোম্পানি ব্যবস্থাপনা শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে শ্রমিকদের অভিযোগ ও কর্তৃপক্ষের বক্তব্যে ভিন্নতা থাকায় বিষয়টি নিয়ে শ্রমিক মহলে এখনও উদ্বেগ ও আলোচনা অব্যাহত রয়েছে।