| ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য ১ কোটি ৫৫ লক্ষ টাকা বরাদ্দ অনুমোদিত হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালন বাজেটের আওতায় এই বরাদ্দ দেওয়া হয়। বিদ্যালয়টিতে এই গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সুযোগ তৈরি হওয়ায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও বিএনপি নেতা লায়ন ড. সালাউদ্দীন আলী। এক বিবৃতিতে তিনি বলেন, প্রতিমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা ও এলাকার শিক্ষার মানোন্নয়নে তাঁর দূরদর্শী নেতৃত্বের কারণেই নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আধুনিক সুযোগ-সুবিধা পেতে যাচ্ছে। এই ভবন নির্মাণ সম্পন্ন হলে দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট দূর হবে এবং পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) সূত্রে জানা গেছে, গত ২১ জুন ইইডি-এর নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী ইকবাল স্বাক্ষরিত এক সরকারি পত্রে এই বরাদ্দ নিশ্চিত করা হয়। একই আদেশের অধীনে উপজেলার 'জোবরা পশ্চিম পট্টি স্কুল এন্ড কলেজ'-এর জন্যও সমপরিমাণ (১ কোটি ৫৫ লক্ষ টাকা) অর্থ বরাদ্দ দিয়ে একাডেমিক ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। লায়ন ড. সালাউদ্দীন আলী দ্রুততম সময়ে এই নির্মাণ কাজ সুচারুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন এবং প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।