চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাউজান সরকারি কলেজ ছাত্রদল। বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাউজান সরকারি কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সামির, এয়াকুব উদ্দিন আরিফ, আছাদুজ্জামান শাওন, সাহেদ, মোঃ নাফিজ, তুহিন ও জাওয়াদ। এসময় উপস্থিত ছিলেন ইয়ামিন, রিজভি, মোঃ রুমান, ফরহাদ, মোঃ সাগর, মোঃ সোহান, মোঃ আনাস, তানভির, রোহান, মোনতাসির, সামিরসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা। বক্তারা বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত ছাত্র শিবির ছাত্র রাজনীতির নামে ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, যা ন্যক্কারজনক ও গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বাংলাদেশে আর কোনো গুপ্ত রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। যারা গুপ্ত রাজনীতির আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বক্তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ক্যাম্পাসে সুস্থ ও নিরাপদ ছাত্ররাজনীতি নিশ্চিত করার আহ্বান জানান।