প্রকাশ :: ... | ... | ...

নোয়াজিষপুর হোসাইন জ্জামান সড়কের দুর্দশা; হালদায় সেতু হলে বদলে যাবে তিন উপজেলার মানুষের জনজীবন


সংযুক্ত ছবি

| ছবি: শাহাদাত হোসেন সাজ্জাদ

চট্টগ্রামের রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ হোসাইন জ্জামান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একই সঙ্গে হালদা নদীর ওপর রাউজানের নোয়াজিষপুর ও হাটহাজারীর নাঙ্গলমোড়া অংশে একটি সেতু নির্মাণের দাবিও জোরালো হয়ে উঠেছে। সড়ক ও সেতুর অভাবে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার হাজারো মানুষকে। সরেজমিনে দেখা যায়, নোয়াজিষপুরের সিলা ফকিরঘাটা থেকে হালদা নদীর পাড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ইটের সলিং উঠে গিয়ে বড় বড় গর্ত, ভাঙন ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের অস্তিত্বই প্রায় বিলীন হয়ে গেছে। সড়কের দুই পাশে ঝোপঝাড়ে ভরে থাকায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, এই সড়কটি রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সড়ক ব্যবহার করে হালদা নদী পার হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক হয়ে চট্টগ্রাম শহরসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। এছাড়া অসংখ্য শিক্ষার্থী এই পথ দিয়ে নদী পার হয়ে হাটহাজারীর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়াশোনা করতে যায়। স্থানীয় বাসিন্দা জয়নাল মাস্টার বলেন, নোয়াজিষপুর ইউনিয়নের এই সড়কটি শুধু রাউজানের নয়, তিন উপজেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। আরেক বাসিন্দা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “হালদা নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হলে তিন উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। বর্তমানে নৌকায় নদী পার হতে গিয়ে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে। শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয়। সড়কটি সংস্কার এবং হালদা নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে না, বরং এলাকার শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলেও জানিয়েছেন স্থানীয়রা। তাই দ্রুত সড়ক সংস্কার ও সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, নোয়াজিষপুর হোসাইন জ্জামান সড়কের বিষয়টি আমাদের নজরে রয়েছে। সড়কটির উন্নয়ন ও সংস্কারের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কার কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।