প্রকাশ :: ... | ... | ...

আম পাড়তে বাধা, যুবকের ওপর ছুরি হামলার অভিযোগ


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত যুবকের নাম মো. জোমেন চৌধুরী (৩৭)। শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইদ্রিস খান চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত জোমেন চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ির সামনে থাকা একটি আমগাছ থেকে কয়েকজন প্রতিবেশী আম পাড়তে গেলে জোমেন চৌধুরী তাদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশী মো. মাসুদ চৌধুরী ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি নিয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। জোমেন চৌধুরী জানান, হামলাকারী তার বুকে ছুরিকাঘাতের চেষ্টা করলে তিনি আত্মরক্ষার জন্য হাত বাড়িয়ে দেন। এতে ছুরির আঘাত তার হাতে লাগে এবং তিনি গুরুতর আহত হন। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়। এদিকে ঘটনার কয়েক ঘণ্টা পর দুপুর ২টার দিকে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোমেন চৌধুরী দাবি করেন, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল প্রতিপক্ষ। তিনি বলেন, “গত তিন মাস ধরে বিরোধপূর্ণ জায়গার বিষয়টি সমাধানের জন্য আমরা কয়েক দফা বৈঠকের উদ্যোগ নিয়েছি। কিন্তু প্রতিপক্ষ কোনো সহযোগিতা করেনি। বরং বিভিন্ন সময় আমাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। আজ আম পাড়তে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তারা আমার ওপর হামলা চালায়। আমি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা না করলে হয়তো আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।” তিনি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এ বিষয়ে রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।