| ছবি: শাহাদাত হোসেন সাজ্জাদ
চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ কাউসারুজ্জামান বাবলুকে গুলি করে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) ভোরে পূর্ব রাউজান এলাকায় অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি মোঃ শফি (৩৯) এবং ৫ নম্বর আসামি মোঃ সুমন (৩৩)-কে গ্রেফতার করা হয়। আসামি শফি রহমতপাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে এবং সুমন ঢালার মুখ কাজীপাড়ার মোঃ নুরুল আমিনের ছেলে। উভয়েই রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় নিহতের পিতা আবুল কালাম বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখীল খামারটিলা এলাকায় কেবিআই ব্রিকফিল্ডের উত্তর-পূর্ব পাশে মোহাম্মদ কাউসারুজ্জামান বাবলুকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়। সন্ত্রাসীরা তার পিঠের বাম পাশে একাধিক গুলি করে। নিহত বাবলু পূর্ব রাউজানের নইম সওদাগর বাড়ির আবুল কালামের ছেলে। ঘটনার সময় বাবলুর সঙ্গে থাকা পলিন নামে একজনও হামলার মুখে পড়েন। তাকে ধাওয়া করলে তিনি দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণ রক্ষা করেন বলে জানিয়েছে পুলিশ।স্থানীয়দের ধারণা মাটি ও বালুর ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, “কাউসারুজ্জামান বাবলু হত্যাকাণ্ডের দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের রিমান্ড আবেদন করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত।