| ছবি: সংগ্রহীত
চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর এলাকায় পুলিশের বসানো একটি চেকপোস্টে গাড়ি তল্লাশিকালে অস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসহ পাঁচ যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চিকদাইর এলাকার বাচা মিয়ার দোকানের সামনে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংগলা নতুনপাড়া এলাকার আব্দুল মাবুদের ছেলে মো. মারুফ (১৯), একই এলাকার মোহাম্মদ রফিকের ছেলে তৌহিদুল ইসলাম রাকিব (২৬), দক্ষিণ হিংগলা এলাকার বখতিয়ার হোসেনের ছেলে নিরব হোসেন টিপু ওরফে টিপু সুলতান (২৪), রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদেরখীল এলাকার মাইনুদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন (১৯) এবং দক্ষিণ হিংগলা এলাকার আলতাব হোসেনের ছেলে মো. জাহেদ হোসেন (২৭)। পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে চিকদাইর পুলিশ ফাঁড়ির সদস্যরা ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করলে যাত্রীদের কাছ থেকে দুটি বন্দুক, ছয় রাউন্ড কার্তুজ, ছয়টি রামদা ও কিরিচ উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিশেষ অভিযান চলাকালে চেকপোস্টে তল্লাশি করে অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”