প্রকাশ :: ... | ... | ...

রাউজানে রেমিট্যান্স ব্যবস্থাপনা নিয়ে ‘সহযোগিতা কর্মশালা’ অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

| ছবি: শাহ

চট্টগ্রামের রাউজানে রেমিট্যান্স ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার করতে ‘সহযোগিতা কর্মশালা’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় রাউজান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে সফল প্রকল্প। প্রকল্পটির অর্থায়ন ও বাস্তবায়নে রয়েছে ইউএনসিডিএফ এবং দ্য এমব্যাসি অব সুইজারল্যান্ড। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান টিটিসির প্রিন্সিপাল শ্যামল বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা রকিবুল ইসলাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রধান কর্মকর্তা ডা. জয়িতা বসু, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ ফারুকুল ইসলাম সিকদার এবং উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা মিন্টু বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ইউএনসিডিএফ-এর ডিস্ট্রিক্ট প্রজেক্ট অ্যাসোসিয়েট এ বি এম ফরহাদ আল করিম এবং প্রত্যাশীর প্রোগ্রাম অফিসার মাখনুন সুলতানা। কর্মশালায় অংশ নেন কুন্ডেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ডাচ-বাংলা ব্যাংক, ইউসিবি ব্যাংক ও ব্যাংক এশিয়ার প্রতিনিধিবৃন্দ, পদক্ষেপ ও সাজেদা ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠান, এমএফআই প্রত্যাশী, মাইগ্রেশন ফোরাম সদস্যবৃন্দ, নোয়াজিষপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সচিববৃন্দ, উপকারভোগী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার জনপ্রতিনিধিরা। কর্মশালাটি সঞ্চালনা করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার কানিজ শায়লা। সহযোগিতায় ছিলেন এস এম রীতা চক্রবর্তী। প্রকল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রজেক্ট ম্যানেজার দেবদুলাল মজুমদার। অনুষ্ঠানে ইউএনসিডিএফ-এর প্রতিনিধি রেমিট্যান্স ব্যবস্থাপনার কার্যকর ব্যবহার, এর গুরুত্ব এবং উপকারভোগীদের প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হওয়ার বিষয়টি তুলে ধরেন। কর্মশালায় বক্তারা বলেন, প্রবাসী আয়ের সঠিক ব্যবহার, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের কর্মশালা সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা প্রবাসী ও তাদের পরিবারের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।