দুয়ারে কড়া নাড়ছে বাঙালি জাতির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। নতুন বছরকে বরণ করে নিতে দেশজুড়ে আয়োজন করা হচ্ছে বর্ণাঢ্য বৈশাখী মেলা ও নানা সাংস্কৃতিক উৎসব। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের রাউজানেও শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে রাউজান সরকারি কলেজ মাঠে বৈশাখী মেলা উদযাপন পরিষদের উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রাহাতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অংছিং মারমা। বৈশাখী মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক ও উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও সাবেক ছাত্রদল নেতা রাসেল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, মোজাম্মেল হক, ওবায়দুল আকবর রোমান, বদিউল আলম, আমিনুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। মেলায় হাতে তৈরি বিভিন্ন কারুশিল্প, মাটির পুতুল, বাঁশ ও বেতের তৈরি সামগ্রী এবং গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্যের দোকান বসেছে। এছাড়া শিশুদের আনন্দ দিতে নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত চলবে এ মেলা। প্রতিদিন সন্ধ্যায় দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকদের আশা, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে মেলাটি প্রাণবন্ত হয়ে উঠবে।