| ছবি: সংগৃহীত
রাঙামাটি সদর জোন কমান্ডার (ভারপ্রাপ্ত) মেজর মো: জুলফিকার রহমান বলেছেন, পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তোলা হচ্ছে। কারণ সারাবিশ্ব এগিয়ে যাচ্ছে, আমাদেরও পিছিয়ে থাকার সুযোগ নেই। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি সদর জোনের প্রশিক্ষণ শেডে কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জোন কমান্ডার আরও বলেন, আপনারা জানেন যে, বাংলাদেশ সেনাবাহিনী মানুষের উন্নতির জন্য কাজ করে। এ অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের উন্নতির জন্য সেনাবাহিনী কাজ করতে চাই। এটার ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা চাই সে দায়িত্ব সঠিক ভাবে পালন করি। আমরা শুরু করেছি, ওভারোল উন্নয়নের অগ্রগতির যে ধারা আছে সেটা সুন্দর ভাবে শুরু হবে এবং এ এলাকার মানুষের উন্নয়ন ঘটবে বলে আমরা আশা করি। জোন কমান্ডার মো: জুলফিকার রহমান বলেন, কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা আরও প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়ে নিয়েছি। এরমধ্যে মেকানিক্যাল ট্রেনিং, ফাস্ট এইড এর উপর ট্রেনিং, মহিলাদের সেলাই প্রশিক্ষণসহ আরও অনেক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এসব প্রশিক্ষণ এ অঞ্চলের মানুষের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। এরপর কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থী অর্পা বণিক বলেন, আমি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে এসেছি। আশা করছি এ প্রশিক্ষণ আমার জীবনের উন্নয়নে কাজ করবে। প্রশিক্ষণার্থী সাগর ধর বলেন, বর্তমান দুনিয়া তথ্য প্রযুক্তির যুগ। যুগের সাথে তাল মেলাতে আমরা কম্পিউটার প্রক্ষিণ নিচ্ছি। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়- শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেনাবাহিনীর উদ্যোগে এ কম্পিউটার প্রশিক্ষণ কার্যকম পরিচালিত হচ্ছে। এ প্রশিক্ষণের প্রথম ব্যাচে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এ সময় সদর জোনের ক্যাপ্টেন সাদমান রাফিদ বিন আজমসহ সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকতারা উপস্থিত ছিলেন।