প্রকাশ :: ... | ... | ...

ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের


সংযুক্ত ছবি

রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়ন-এর রাজঘাটাকুল এলাকায় ইছামতি নদীর তীর ভাঙন রোধে অবশেষে ব্লক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ নিয়েছেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। রোববার (১৯ এপ্রিল) দুপুরে এমপির পক্ষ থেকে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ইউসুফ চৌধুরী বলেন, রাঙ্গুনিয়া উপজেলার যেসব এলাকা নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে, সেগুলোকে নদী শাসনের আওতায় এনে পানি সম্পদ মন্ত্রণালয় ও এলজিডির মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তিনি জানান, রাঙ্গুনিয়াকে গ্রাম থেকে শহরে রূপান্তরের লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় প্রতিটি ইউনিয়নে উন্নয়ন চিহ্নিত করতে প্রতিনিধি পাঠানো হচ্ছে। তিনি আরও বলেন, “আজ আমরা প্রতিনিধি হিসেবে রাজানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড রাজঘাটাকুল এলাকায় ইছামতি নদীর ভাঙন পরিদর্শন করতে এসেছি। অতি দ্রুত সময়ের মধ্যে এখানে ব্লক স্থাপন করে ভাঙন রোধ করা হবে।” ইউসুফ চৌধুরী পূর্ববর্তী শাসনামলের সমালোচনা করে বলেন, দীর্ঘ ১৭ বছর যারা শাসনের নামে শোষণ করেছেন তারা উন্নয়নের নামে জনগণকে আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন কিছুই ছিল না। তবে বর্তমান এমপি হুমাম কাদের চৌধুরী এমপি নির্বাচিত হবার পর অল্প সময়ের মধ্যেই উন্নয়ন কাজ বাস্তবায়নে উদ্যোগী হয়েছেন। তিনি আরও জানান, বগাবিলী এলাকা থেকে রাজঘাটাকুল হয়ে রানীরহাট পর্যন্ত সংযোগ স্থাপনে একটি সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে। পরিদর্শনকালে চট্টগ্রাম উত্তর জেলা, রাঙ্গুনিয়া উপজেলা, রাজানগর ও ইসলামপুর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।