| ছবি: সংগ্রহীত
বিশ্ব সমাদৃত মাইজভাণ্ডারীয়া ত্বরিকার নারী সুফি উম্মুল আশেকীন শাহজাদী সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারী (র.)-এর ওফাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৫ হাজার ৩৫০ জন এতিম, হেফজখানা ও অনাথ আশ্রমের নিবাসীর মাঝে একবেলা রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার মরিয়মনগর মাস্টার কমিউনিটি সেন্টারে মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে এ মানবিক কর্মসূচির উদ্বোধন করা হয়। মাইজভাণ্ডার শরিফের ‘গাউসিয়া হক মঞ্জিল’ ও ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় রাঙ্গুনিয়া উপজেলার ৯৯টি এতিমখানা ও হেফজখানা এবং ২টি অনাথ আশ্রমের মোট ৫ হাজার ৩৫০ জন নিবাসীর মাঝে খাবার পৌঁছে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদের সদস্য, রাঙ্গুনিয়া উপজেলা সাংগঠনিক সমন্বয়কারীসহ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা। পরে গাউসিয়া হক কমিটির সদস্যরা সিএনজি অটোরিকশাযোগে উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত এতিমখানা, হেফজখানা ও অনাথ আশ্রমে রান্না করা খাবার পৌঁছে দেন। এ সময় আলিয়া ও কওমি মাদ্রাসার এতিমখানার পাশাপাশি হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের অনাথ আশ্রমেও খাবার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, বাংলাদেশে প্রবর্তিত বিশ্ব সমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার মানবসেবার আদর্শকে ধারণ করে প্রতিবছর এ ধরনের কল্যাণমূলক কর্মসূচি পালন করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। তারা আরও জানান, মানবকল্যাণ, ভ্রাতৃত্ববোধ ও সেবার চেতনায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত বছরও শাহজাদী সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারী (র.)-এর ওফাত দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার ৮৯টি এতিমখানা ও হেফজখানা এবং অনাথ আশ্রমের ৪ হাজার ৬০০ জন নিবাসীর মাঝে একবেলা খাবার বিতরণ করা হয়েছিল।