প্রকাশ :: ... | ... | ...

রাঙ্গুনিয়ার আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যাকান্ডের অন্যতম আসামী রাঙামাটির দুর্গম এলাকা থেকে গ্রেপ্তার


সংযুক্ত ছবি

| ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি সন্ত্রাসী মো. আইয়ুব(৪৫)কে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭। রোববার (২১ জুন) ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুর্গম দুরছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তার মো. আইয়ুব চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবদুল মোনাফ। মাসুদ হত্যা মামলার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি দল রোববার ভোর ৬টার দিকে বাঘাইছড়ির দুর্গম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে তার বোনের বাড়ি থেকে আটক করে। পরে র‍্যাব সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামে নিয়ে যায়। উল্লেখ্য, গত ১৩ জুন রাউজান উপজেলার কদলপুর এলাকায় প্রকাশ্যে গুলিতে নিহত হন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ। এ ঘটনায় দায়ের করা মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।