প্রকাশ :: ... | ... | ...

রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদ হত্যার দুদিন পর তার বড়ভাই বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে মামলা


সংযুক্ত ছবি

| ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলায় ৫অস্ত্রধারীসহ ১৯ জনকে আসামি করে রাউজান থানায় মামলা দায়ের করা হয়েছে।সোমবার রাতে নিহতের বড় ভাই ও বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পেয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, নিহতের ভাই বাদী হয়ে মামলাটি করেছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর আগে ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। পুলিশ সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে হামলাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে। উল্লেখ্য, গত শনিবার (১৩ জুন) দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মাকসুদুল হক চৌধুরী মাসুদকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা সশস্ত্র কয়েকজন ব্যক্তি তাকে ধাওয়া করে গুলি চালায়। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ানোর সময় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে যান মাসুদ। পরে হামলাকারীরা তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি করে। প্রথম দফায় চলে যাওয়ার পর আবার ফিরে এসে গুলি চালায় তারা। পরে অটোরিকশাযোগে ঘটনাস্থল ত্যাগ করে। নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বেতাগী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবেও আলোচনায় ছিলেন তিনি। প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডের ঘটনায় রাঙ্গুনিয়া ও রাউজানজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।