| ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পানির ট্যাংক স্থাপনের কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে সৈয়দ নুরুল বশর বাহাদুর (৫৮) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দিঘীর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার আবদুলের একতলা ভবনে পানির ট্যাংক স্থাপনের কাজ করছিলেন ইলেক্ট্রিশিয়ান সৈয়দ নুরুল বশর বাহাদুর। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে তিনি ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সৈয়দ নুরুল বশর বাহাদুর দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সৈয়দ বাড়ির মরহুম আহমদ হোসেনের চতুর্থ ছেলে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নিজ এলাকায় মরহুমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে। এদিকে তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।