| ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত উপকারভোগীদের মাঝে সবজিসহ ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকালে উপজেলায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনজন উপকারভোগীর হাতে সবজিসহ ভ্যানগাড়ি তুলে দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে আরও চারজন উপকারভোগীকে নগদ অর্থ প্রদান করা হয়। উপকারভোগীদের মাঝে এসব সুবিধা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ হাসান। এছাড়া সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইউছুপ চৌধুরী ও ইউছুপ কামাল তালুকদার। ভ্যানগাড়ি পেয়ে এক উপকারভোগী আব্দুল আলিম বলেন, ভ্যানগাড়ি পেয়ে আমার খুব উপকার হয়েছে। আমার ৫জনের সংসারে আমি এজনই উপার্জনকারী। আমি উপজেলা সমাজসেবা অফিস ও মাননীয় হুমাম কাদের চৌধুরী এমপি মহোদয়কে ধন্যবাদ জানায়। এখন থেকে আর ভ্যান চালিয়ে আয় রোজগার করব। উল্লেখ্য, বিকল্প কর্মসংস্থান কর্মসূচির মাধ্যমে সরকার সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীকে স্বনির্ভর করে তুলতে নিয়মিত এ ধরনের সহায়তা প্রদান করে আসছে।