চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি কে. আর. এম. পেয়ার উদ্দিন মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিম।
কলেজের রসায়ন বিভাগের প্রদর্শক পুষ্প বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ বিন শিহাব পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে ইছামতি আবৃত্তি চর্চা কেন্দ্রের সদস্যদের পরিবেশনায় উদ্বোধনী সংগীত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসএসসি/সমমান কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক ও কলেজের আইসিটি বিভাগের প্রভাষক আবু মহসিন মো. মনজুরুল কাদের।
এ সময় বক্তব্য রাখেন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ একরাম করাম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. দিদার হোসেন এবং রসায়ন বিভাগের প্রভাষক উম্মে খায়ের ফাতিমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজানগর আর.এ.বি.এম. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, কলেজের সাবেক ভিপি ও রাজানগর আর.এ.বি.এম. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাহেদুল কামাল তালুকদার এবং চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট কাউসার উদ্দিন মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ ইসহাক, বেতবুনিয়া গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ মনজুরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী রোকেয়া বেগমসহ কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত ‘ঐতিহ্যের পথচলা: রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজ’ শীর্ষক তথ্যচিত্র। কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত এর ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন অর্জন তুলে ধরা হয় তথ্যচিত্রটিতে। এটি উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া সৃষ্টি করে।
পরে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের শিক্ষা, ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।