আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ছাত্র প্রতিনিধিরা। সভায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা, আলোকচিত্র ও তথ্যভিত্তিক প্রদর্শনী, রচনা ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নানা সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইউএনও নাজমুল হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উপজেলা প্রশাসন যথাযথ মর্যাদায় দিবসটি পালন করবে। তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এদিকে ছাত্র প্রতিনিধিরা তাদের বক্তব্যে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তারা এ বিষয়ে তরুণ প্রজন্মকে আরও সচেতন করতে বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।