প্রকাশ :: ... | ... | ...

বিলাইছড়ি সীমান্ত সড়কে হলুদ বোঝাই জীপ উল্টে বৃদ্ধ নিহত, আহত চালক


সংযুক্ত ছবি

| ছবি: সুমন খান

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় হলুদ বোঝাই চান্দের গাড়ি (জীপ) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে মো. আব্দুস সালাম (৬০) ওরফে সালাম মাঝি নামের এক বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় জীপের চালক বেল্লাল হোসেন (৩৮) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ( ১২ মে) দিনগত রাতে উপজেলার ফারুয়া ইউনিয়নের দুর্গম সীমান্ত সড়কের ২৫ কিলো লতাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকা থেকে হলুদ বোঝাই করে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে যাওয়ার সময় ফারুয়া ইউনিয়নের লতাপাহাড় এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চান্দের গাড়ির যাত্রী আবদুস সালামের মৃত্যু হয় এবং জীপ চালক বেল্লাল হোসেন আহত হন। আহত জীপ চালককে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে প্রথম রাজস্থলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসা দেওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আবদুস সালাম রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর মুন্সিপাড়ার মৃত আবদুল জলিলের ছেলে এবং চালক বেল্লাল হোসেন একই উপজেলার একই ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার কবির আহম্মদের ছেলে। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত চান্দের গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হবে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।