কক্সবাজারের রামু উপজেলায় Water for Community Resilience and Protection (WCRP) প্রকল্পের আওতায় পানি ব্যবস্থাপনা বিষয়ক কার্যক্রমের অগ্রগতি, অর্জন, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর ২০২৬ হিমছড়ি কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসকে’র যুগ্ম পরিচালক (প্রকল্প) প্রদীপ কুমার রায়। কর্মশালার উদ্বোধন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE)-এর সহকারী প্রকৌশলী ক্যছাই মং চাক্। অনুষ্ঠানে Deutsche Welthungerhilfe e.V. (WHH)-এর এরিয়া ম্যানেজার Octavian Shaikat Sarker, Consortium Manager Zerin Rahman, Consortium Meal Officer Raihanul Ferdous, স্থানীয় সাংবাদিক, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজারকুল ও ফতেহখার কুল ইউনিয়ন পরিষদের সদস্য, পানি অবকাঠামোর আওতাভুক্ত স্থানীয় উপকারভোগী এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রকল্পের কার্যক্রম, অর্জন এবং পানি ব্যবস্থাপনা বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প প্রকৌশলী সাইফুল ইসলাম সাজ্জাদ। কর্মশালা সঞ্চালনা করেন কেএনএইচ-বিএমজেড প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার নাছিমা শাহীন। WHH-এর এরিয়া ম্যানেজার Octavian সৈকত সরকার প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন কার্যক্রম ও অর্জন তুলে ধরার পাশাপাশি নির্মিত পানি অবকাঠামোর ওপর স্থানীয় জনগোষ্ঠীর মালিকানা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। ভবিষ্যতে এসব অবকাঠামো সচল ও কার্যকর রাখতে কমিউনিটির দায়িত্বশীল ভূমিকার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান তাঁর বক্তব্যে পানি ও স্যানিটেশন অবকাঠামোর দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করতে কমিউনিটি মালিকানার ওপর গুরুত্ব দেন। তিনি রামুর প্রত্যন্ত অঞ্চলের পানি সংকটের কথা উল্লেখ করে বলেন, এসব এলাকার মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। WCRP প্রকল্পের মাধ্যমে রামুতে কার্যক্রম পরিচালনার জন্য তিনি ডিএসকে ও ডাব্লিউ,এইচ,এইচ-কে ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতে সুযোগ থাকলে রামু উপজেলার আরও প্রত্যন্ত এলাকায় উন্নয়ন কার্যক্রম গ্রহণের জন্য দাতা সংস্থা ও ডাব্লিউ,এইচ,এইচ-এর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে ডিএসকে-এর যুগ্ম পরিচালক (প্রকল্প) প্রদীপ কুমার রায় বলেন, প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে দাতা সংস্থা, উপজেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, DPHE ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় জনগোষ্ঠীর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রকল্পের মাধ্যমে নির্মিত অবকাঠামোর স্থায়িত্ব নিশ্চিত করতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও মালিকানাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরে অংশগ্রহণকারীদের মূল্যবান মতামত ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।