কক্সবাজারের পেকুয়ায় মাদক কেনার সময় মোহাম্মদ খোকন (২৬) নামে এক যুবককে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ খোকন পেকুয়া সদর ইউনিয়নের বটতলীপাড়া এলাকার জাকের আহমদের ছেলে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাইম্যাখালী এলাকা থেকে মাদক কেনার সময় স্থানীয়রা মোহাম্মদ খোকনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। জানা গেছে, পেকুয়া পৌরসভার বাইম্যাখালী এলাকা মাদক সেবন ও বিক্রির অভিযোগে স্থানীয়দের কাছে পরিচিত। স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়া সদর পশ্চিম জোন যুবদলের যুগ্ম আহ্বায়ক আজম ইকবাল ও যুগ্ম আহ্বায়ক মো. বাচ্ছু মিয়ার নেতৃত্বে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করেন। পরে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোহাম্মদ খোকনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করেন।