| ছবি: সংগ্রহীত
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত পরিষদে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক দেবরাণী চাকমা। তিনি খাগড়াছড়ি জেলার দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের বাঘাছড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা এবং লক্ষ্মীছড়ি উপজেলার প্রতিষ্ঠাতা প্রয়াত চেয়ারম্যান রবিভূষণ চাকমার কনিষ্ঠ কন্যা। বাবার মানবিক আদর্শ ও জনপ্রিয়তার ধারক দেবরাণী চাকমা ইতোপূর্বেও জনপ্রতিনিধি হিসেবে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পাঁচ বছর সফলতার সাথে দায়িত্ব পালনকালে তার গৃহীত নানা উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী পদক্ষেপ স্থানীয়দের মাঝে ব্যপক প্রশংসা কুড়ায়। দীর্ঘদিন ধরে মূলধারার রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত দেবরাণী চাকমা বর্তমানে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। দলের প্রতি একনিষ্ঠতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং তৃণমূলের নেতা-কর্মীদের সাথে সুসংগঠিত যোগাযোগের কারণে খাগড়াছড়ি জেলা ও লক্ষ্মীছড়ি উপজেলায় তার সুপরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে। একজন সুশিক্ষিত, দূরদর্শী ও মার্জিত ব্যক্তিত্ব হিসেবে পার্বত্য জেলা পরিষদের সদস্য পদে তার এই মনোনয়নকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। স্থানীয় বাসিন্দাদের আশা, দেবরাণী চাকমা পার্বত্যঞ্চলের সার্বিক উন্নয়ন, সম্প্রীতি রক্ষা ও জনসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।