প্রকাশ :: ... | ... | ...

লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মোবাইল মেকানিক  প্রশিক্ষণ সম্পন্ন


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

পার্বত্য অঞ্চলের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেনাবাহিনীর উদ্যোগে লক্ষীছড়িতে মোবাইল রিপেয়ারিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) লক্ষীছড়ি উপজেলা অডিটোরিয়ামে ২৪ আর্টিলারি গুইমারা রিজিয়নের অধীনস্হ ২২ ফিল্ড আর্টিলারি লক্ষীছড়ি জোন কর্তৃক আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদার, লক্ষীছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবিল কুমার চাকমাসহ জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ২০ জন পাহাড়ি বাঙালি অংশগ্রহণকারীদের মোবাইল ফোনের সার্বিক রক্ষণাবেক্ষণ, ত্রুটি শনাক্তকরণ ও সমাধান, গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের পরিচিতি, প্রাথমিক মেরামত এবং প্রয়োজনীয় যত্ন সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল খান সজিবুল ইসলাম দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবকদের বসে না থেকে কর্মমুখী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "আমরা চাই আপনারা স্বাবলম্বী হোন। কর্মসংস্থান সৃষ্টিতে সেনাবাহিনী আপনাদের যেকোনো সার্বিক সহযোগিতায় পাশে থাকবে।" সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতার মূল্যায়ন হিসেবে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের কারিগরি প্রশিক্ষণ স্থানীয় তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়ক হবে।