| ছবি: সংগ্রহীত
পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে লক্ষীছড়ি সেনা জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে লক্ষীছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা ১-০ গোলে সম্প্রীতি একাদশকে পরাজিত করেছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকেলে লক্ষীছড়ি উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ম্যাচটির উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার সাদাত। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন লক্ষীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল খান সজিবুল ইসলাম। অনুষ্ঠানে লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম, লক্ষীছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদারসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। একাধিক আক্রমণ ও পাল্টা আক্রমণে মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে লক্ষীছড়ি ক্রীড়া সংস্থার ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় নাইম গোল করে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ওই একমাত্র গোলেই ম্যাচের জয় নিশ্চিত করে ক্রীড়া সংস্থা। ম্যাচের সেরা গোলরক্ষক নির্বাচিত হন ক্রীড়া সংস্থার গোলরক্ষক রাসেল। খেলা দেখতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ছিল। দর্শকদের করতালি ও উৎসাহে পুরো আয়োজনজুড়ে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের মতে, খেলাধুলা তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখে। স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলেও তারা জানান। খেলা শেষে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ভবিষ্যতেও সম্প্রীতি ও ক্রীড়াচর্চা জোরদারে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানান আয়োজকরা।