| ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন লক্ষীছড়ি জোনের উদ্যোগে উপজেলার দুর্গম দুল্যাতলী এলাকায় স্থানীয় বাসিন্দাদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুল্যাতলী আর্মি ক্যাম্পে আয়োজিত মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন ক্যাম্প কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ। মেডিক্যাল ক্যাম্পে দুল্যাতলীসহ পার্শ্ববর্তী দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন বয়সী নারী ও পুরুষ চিকিৎসাসেবা নিতে উপস্থিত হন। সেনাবাহিনীর চিকিৎসক ও মেডিক্যাল টিমের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসকও ক্যাম্পে রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেন। কার্যক্রমে স্থানীয় শিক্ষার্থীদেরও অংশগ্রহণ ছিল। সম্প্রতি ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীরা সেনাবাহিনীর মেডিক্যাল টিমের সঙ্গে সমন্বয় করে রোগীদের প্রাথমিক সেবা এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার মানুষের প্রয়োজনের সময় চিকিৎসাসেবা ও সহায়তা পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।