| ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার ২নং দুল্যাতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সাধন রঞ্জন চাকমার (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার চার দিন পর নিজ বাড়ি থেকে সামান্য দূরে পাহাড়ের ঢালু থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাধন রঞ্জন চাকমা ওই এলাকার ভারত মোহন চাকমার ছেলে এবং দুল্যাতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে যেকোনো সময় তিনি নিজ বাড়ি থেকে সবার অজান্তে নিখোঁজ হন। তাঁর স্ত্রী জানান, ঘটনার দিন সকালে তিনি স্বামীকে বাড়িতে রেখে জুমচাষের ক্ষেতে কাজ করতে যান। দুপুর ২টার দিকে বাড়িতে ফিরে তিনি স্বামীকে দেখতে পাননি। এরপর আত্মীয়স্বজন ও আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় সে সময় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। আজ (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে স্থানীয় কিছু লোক স্থানীয় একটি মন্দির থেকে ধর্মীয় পূজা শেষ করে বাড়ি ফেরার পথে তীব্র দুর্গন্ধ পান। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির দক্ষিণ দিকে প্রায় ৫০০ থেকে ৭০০ মিটার দূরে পাহাড়ের ঢালুতে একটি কাঁঠাল গাছের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সাধন রঞ্জন চাকমার বলে শনাক্ত করেন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানাকে অবহিত করেন। খবর পেয়ে লক্ষ্মীছড়ি থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহ মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।