প্রকাশ :: ... | ... | ...

আন্তর্জাতিক মঞ্চে লড়বেন লামার সাত জিমন্যাস্ট


সংযুক্ত ছবি

| ছবি: মোঃ তৈয়ব আলী

সিঙ্গাপুরে অনুষ্ঠানরত মর্যাদাপূর্ণ 'জুনিয়র অ্যান্ড সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিকস সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়নশিপস (এসজিপি) এর ২১তম আসরে দেশের প্রতিনিধিত্ব করছেন বান্দরবানের লামার খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ জন উদীয়মান খেলোয়াড়। বিশ্ব ক্রীড়াঙ্গনে লাল-সবুজের জার্সি গায়ে আরও একবার বাংলাদেশের নাম উজ্জ্বল করতে যাচ্ছে পাহাড়ের উদীয়মান সাত কৃতি জিমন্যাস্ট। মনোনীত ৭ জিমন্যাস্ট হলেন,​উহাই মং মার্মা,​প্রেনথৈ ম্রো,​মংচিং প্রু ত্রিপুরা,​মেনটন টনি ম্রো,​উটিংওয়াং মার্মা,​রাজীব চাকমা,​ওয়ে ওয়ে সাই মার্মা। ​বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন সূত্রে জানা গেছে, ১ জুন থেকে ৮ জুন ২০২৬ পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জন জিমন্যাস্টকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। ​সংশ্লিষ্টরা জানান, প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের বৈরি পরিবেশ থেকে উঠে আসা এই জিমন্যাস্টদের সঠিক গাইডলাইন, কঠোর শৃঙ্খলা এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে নিবিড় যত্নে গড়ে তুলেছে কোয়ান্টাম। ​এই ঐতিহাসিক অর্জন সম্পর্কে অনুভূতি ব্যক্ত করে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ জানান,​আমাদের মূল লক্ষ্যই ছিল তৃণমূল পর্যায় থেকে এমন জিমন্যাস্ট তৈরি করা, যারা বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। আজ যখন আমাদের ছেলে-মেয়েরা দেশের জার্সি গায়ে বিদেশের মাটিতে লড়াইয়ের জন্য মনোনীত হয়, তখন পুরো প্রতিষ্ঠানের কঠোর পরিশ্রম সার্থক মনে হয়। আমরা অত্যন্ত আশাবাদী, সিঙ্গাপুরের এই আসরে তারা দেশের জন্য বড় গৌরব বয়ে আনবে। ​ক্রীড়া বিশ্লেষকদের মতে, জাতীয় পর্যায়ে ভালো করার পাশাপাশি আন্তর্জাতিক গেমসে সাফল্য পেতে হলে তৃণমূলের এমন প্রাতিষ্ঠানিক একাডেমিগুলোর অবদান অনস্বীকার্য। কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ যেভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন ক্রীড়ায় জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করে যাচ্ছে, তা দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনের জন্য একটি অনন্য এবং অনুকরণীয় দৃষ্টান্ত। ​পাহাড়ের এই তরুণদের বিশ্বমঞ্চে এমন যাত্রা লামাবাসীসহ পুরো দেশের ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।