দেশের অন্যান্য স্থানের মতো বান্দরবানের লামায় (২১ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০টা থেকে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, লামা উপজেলায় ৮টি কেন্দ্রে নিয়মিত ও অনিয়মিত সর্বমোট ১ হাজার ৭শত ৯জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন পরীক্ষার প্রথম দিনে ২২ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি এবং অভিভাবকদের সুশৃঙ্খল অবস্থান লক্ষ্য করা গেছে। এ সময় উপস্থিত কেন্দ্রের ট্যাগ অফিসার, সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ জানান, সরকারি নির্দেশনা মোতাবেক নকলমুক্ত এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। এদিকে পরীক্ষা শুরুর প্রথম দিন লামা উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ৮টি কেন্দ্রে মোট ১,৭০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন অনুপস্থিত রয়েছে।