| ছবি: মোঃ তৈয়ব আলী
‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এবং "জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপি ‘ভূমিসেবা মেলা ২০২৬। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় লামা উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মেলার মূল উদ্দেশ্য হচ্ছে ভূমিসেবার ডিজিটালাইজেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের দ্রুত, সহজ ও সরাসরি সেবা প্রদান নিশ্চিত করা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান আহমদ, সার্ভেয়ার মো.আতিকুর রহমান, সার্ভেয়ার শহিদুল হাসান, অফিস সহকারী পুলক কুমার দাশ, মৌজা হেডম্যান, উন্নয়ন বোর্ড প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রমূখ। সভাপতির বক্তব্যে মোঃ মঈন উদ্দিন বলেন, ভূমিসেবায় অটোমেশনের ফলে মধ্যস্বত্বভোগী দালালদের দৌরাত্ম হ্রাস পাবে এবং সাধারণ জনগণ ভূমিসেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) ব্যবহারের মাধ্যমে সহজেই জমি সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। জনগণ যাতে কোনো ধরনের হয়রানি ব্যতীত তাদের কাঙ্ক্ষিত ভূমি সেবা পায়,সে লক্ষ্যেই 'জনবান্ধব ভূমিসেবা অটোমেশন' কর্মসূচি চালু করছে সরকার। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং এর বহুল প্রচারের মাধ্যমে সেবাকে জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, ভূমি নিয়ে গ্রামের মানুষ সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়। মামলা-মোকদ্দমা, দালালচক্র ও দীর্ঘসূত্রতায় অনেকে বাপ-দাদার সম্পত্তির অধিকার থেকেও বঞ্চিত হন। আমরা চাই জনগণ যেন দ্রুত ও স্বচ্ছ সেবা পায়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।