প্রকাশ :: ... | ... | ...

লামা-সুয়ালক সড়কের বেহালদশা, জনদুর্ভোগ চরমে


সংযুক্ত ছবি

লামা-সুয়ালক সড়কের টংকাবতী এলাকায় সড়কের নিচের মাটি ধসে পড়ে। | ছবি: তৈয়ব আলী

বান্দরবানের লামায় গত কয়েক দিনের থেমে থেমে ভারী বৃষ্টিতে লামা-সুয়ালক সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং রাস্তা ধসে নেমে যাওয়ায় সংকুচিত হয়ে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শনিবার (২৭ জুন) সকালে সরেজমিনে দেখা যায় লামা-সুয়ালক সড়কের টংকাবতী এলাকায় সড়কের নিচের মাটি ধসে গিয়ে মূল সড়ক প্রায় ৩০ ফুট খাদে পড়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছে ওই রাস্তা দিয়ে চলাচলকারী কয়েক হাজার মানুষ। সড়কের বেহাল দশা থাকলেও এখন পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। প্রতিদিনই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে উল্টে যাচ্ছে সিএনজি, মাহেন্দ্রা ও মোটর সাইকেল আটকে পড়ছে পণ্যবাহী ট্রাক-পিকআপ ও যাত্রীবাহী গাড়ি। উপজেলার সরই বাজারের নবীর হোসেন বলেন, দ্রুত সংস্কার করা না হলে সড়কের এই অংশ ভেঙে পাহাড়ের পাদতলে বিলীন হয়ে যাবে। ধসে যাওয়া সড়কে প্রায়ই যানবাহন উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। গত মঙ্গলবার একটি সিএনজি উল্টে দুজন যাত্রী আহত হয়েছেন। এ সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক যানবাহন চলাচল করে। এছাড়া বান্দরবান জেলার সঙ্গে লামা-আলীকদম উপজেলা এবং সরই-সুয়ালক ইউনিয়ন বাসিন্দাদের যোগাযোগ সড়কও এটি। বান্দরবান এলজিইডির নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ পারভেজ বলেন, এরই মধ্যে সড়কটি সংস্কারের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্ষার কারণে কাজ বন্ধ থাকলেও খুব দ্রুতই কাজ শুরু হবে। তবে এখন আর শুধু আশ্বাসের কথা নয়, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন চলাচলকারী যাত্রী, যানচালক ও স্থানীয়রা।