| ছবি: দেলোয়ার হোসেন রশিদী
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড স্কুল রোড এলাকার উকিলের পাড়ায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একটি বসতবাড়ীতে অনধিকার প্রবেশ, হামলা, লুটপাট এবং নারী সদস্যদের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার এক রেস্টুরেন্টে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শওকত হোসেনের বড়ভাই শাহাদাৎ হোসেন তার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, স্থানীয় বাবুল ও সোবহানের নেতৃত্বে এক দল সন্ত্রাসী বাহিনী ভুক্তভোগী শওকত হোসেনের বসতবাড়ী দখলের উদ্দেশ্যে এই বর্বর হামলা ও তাণ্ডব চালায়। সন্ত্রাসীরা ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করার পাশাপাশি পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয় এবং পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানির চেষ্টা করে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার তাদের ওপর ঘটে যাওয়া এই নির্মম অত্যাচারের বিবরণ তুলে ধরে প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা ও ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় ভুক্তভোগী শওকত হোসেন এর পরিবারের ৩০ জনের অধিক নারী ও শিশুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।