প্রকাশ :: ... | ... | ...

লোহাগাড়ায় সেই পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

প্রায় সাত মাস নিখোঁজ থাকার পর বাবার কাছে ফিরেছে লোহাগাড়ার চুনতি সাতগড় নয়াপাড়ার ১২ বছর বয়সী শিশু মো. রায়হান। ঢাকার রেলওয়ে স্টেশন এলাকায় একটি চক্রের কবলে পড়ে তার ডান পা হারানোর ঘটনায় পরিবারে নেমে আসে চরম অনিশ্চয়তা। এবার শিশুটির চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসনে পাশে দাঁড়িয়েছে লোহাগাড়া উপজেলা প্রশাসন। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রায়হানকে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তাকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। চলাচলের সুবিধার জন্য একটি ট্রাইসাইকেল দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে। রায়হানের পড়াশোনা যাতে বন্ধ না হয়, সে বিষয়েও উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ১৮ বছর বয়স পর্যন্ত তার শিক্ষাজীবন চালিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানানো হয়েছে। রায়হানের ঘটনা সম্পর্কে জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, একজন শিশুর এভাবে পা হারানোর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। রায়হান ও তার পরিবার অসহায় অবস্থায় রয়েছে। তার চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসনের পাশাপাশি ভবিষ্যৎ জীবনযাপনে প্রয়োজনীয় সহায়তা দিতে উপজেলা প্রশাসন পাশে থাকবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, রায়হানের স্বাভাবিক জীবনে ফিরে আসা এবং ভবিষ্যৎ জীবনকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার উদ্যোগ থাকবে।