উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সন্দ্বীপে সরকারি হাজী আবদুল বাতেন কলেজে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। দিবসটির সূচনায় কলেজ চত্বর থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. হাবিব উল্লাহর সভাপতিত্বে এবং প্রভাষক মুহাম্মদ জোনায়েদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবুল হাশেম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কুরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী আজিম উদ্দিন এবং গীতা পাঠ করেন শ্রী রঞ্জিত। আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি ও সংগঠক কাজী শামসুল আহসান খোকন, গ্রন্থাগারিক নুরুল আফছার, অধ্যাপক ওবায়দুল হক রাহাত, অধ্যাপক সাহেদুর রহমান, অধ্যাপক মো. ইলিয়াস, সাংবাদিক চারু মিল্লাত এবং অধ্যাপক মুহাম্মদ মনির হোসেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বৈশাখী গান, কবিতা আবৃত্তি ও দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন শিক্ষার্থীরা।