| ছবি: সংগ্রহীত
সারাদেশের ন্যায় মঙ্গলবার ২১ এপ্রিল চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রথম দিনে ৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে কোথাও কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি কেন্দ্রে মোট ২ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৩৩৩ জন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছর ২০২৫ সালে উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ৩ হাজার ২৪৭ জন। সে তুলনায় এ বছর পরীক্ষার্থী কমেছে ৮৭৩ জন। কেন্দ্রভিত্তিক তথ্য অনুযায়ী, কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩১ জনের মধ্যে ৬ জন অনুপস্থিত ছিল। মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ে ৩৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২ জন । সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৩৫ জনের মধ্যে ৬ জন, মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ে ২৯১ জনের মধ্যে ৯ জন এবং সন্তোষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৩৩৭ জনের মধ্যে ৩ জন অনুপস্থিত ছিল। এ ছাড়া আব্দুল খালেক একাডেমিতে ২২১ জনের মধ্যে ৬ জন, পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) কেন্দ্রে ১৫১ জনের মধ্যে ১ জন এবং বশিরিয়া আহমদিয়া আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ফাজিল মাদ্রাসা (দাখিল) কেন্দ্রে ৪৬৩ জনের মধ্যে ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তিনি তিনটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বলেও জানান।