| ছবি: ইলিয়াছ সুমন
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় পুষ্টিকর খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর মগধরা এলাকার রিয়াজুল জান্নাহ মাদ্রাসায় এতিম ও হতদরিদ্র মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাস। এসময় রিয়াজুল জান্নাহ মাদ্রাসার সুপার মাওলানা ফয়সাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পুষ্টি বৈষম্য দূর করে একটি সুস্থ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সকলকে সচেতন হতে হবে। জাতীয় পুষ্টি সপ্তাহের এ ধরনের উদ্যোগ সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।