প্রকাশ :: ... | ... | ...

সন্দ্বীপে জামায়াত নেতাকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক


সংযুক্ত ছবি

চট্টগ্রামের সন্দ্বীপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রোববার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যার বাজারের পূর্ব পাশে এ হামলার ঘটনা ঘটে। আহত সজীব আহমেদ ওই ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সূত্র জানায়, সজীব আহমেদ রাতের দিকে পেলিশ্যার বাজার থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাজারের পূর্ব পাশে পৌঁছালে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সজীবের মাথায় একাধিক গভীর আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসাধীন অবস্থায় সজীব আহমেদ দাবি করেন, জামায়াতের সাংগঠনিক কার্যক্রম ও প্রচার-প্রচারণার কারণে তিনি কিছুদিন ধরে হুমকি পাচ্ছিলেন। হামলার সময় তিনি আকবর ও আলভি নামে দুইজনকে শনাক্ত করতে পেরেছেন বলেও জানান। স্থানীয়দের মতে, অভিযুক্তরা যুবদল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির আলাউদ্দীন সিকদার বলেন, “গণতান্ত্রিক পরিবেশে আদর্শিক রাজনীতি করার কারণে একজন কর্মীর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। আমরা দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানাই। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।” সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, “পেলিশ্যার বাজারে একজনকে কুপিয়ে জখম করার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”