চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) বিকেলে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমানির গো এলাকায় অভিযান চালায়। এ সময় এসআই মো. সৈকত, এসআই মাজহারুল এবং এএসআই আপেল মাহমুদ অভিযানে অংশ নেন। অভিযানকালে একটি বসতবাড়ির রান্নাঘরের পেছন থেকে দেশীয়ভাবে তৈরি একনলা একটি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। এ ঘটনায় অবৈধ অস্ত্র সংরক্ষণের অভিযোগে মাহফুজুর রহমান রিমন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রের ঘটনায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-০৫ এবং জিআর নম্বর-৫১, তারিখ ৬ জুন ২০২৬। সন্দ্বীপ থানার কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে থানা পুলিশ।