প্রকাশ :: ... | ... | ...

সন্দ্বীপে বন্ধকী চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ৭০ লাখ টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের সন্দ্বীপে বন্ধকী চুক্তির শর্ত বাস্তবায়ন না হওয়ায় প্রদত্ত ৭০ লাখ টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সন্দ্বীপ উপজেলার মগধারা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আলমগীর। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৩টায় উপজেলার মগধারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাটাখালী বেড়িবাঁধ এলাকায় আরআরবি ব্রিকস সংলগ্ন স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। লিখিত বক্তব্যে মোহাম্মদ আলমগীর জানান, রাসেল ব্রাদার্সের অন্যতম মালিক ২০২২ সালের ১৮ জুলাই মো. ফখরুল ইসলাম, মো. তাজুল ইসলাম ও মো. জহির ইসলামের সঙ্গে তার একটি লিখিত বন্ধকী চুক্তি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের ৭০ লাখ টাকা প্রদান করেন। এর বিপরীতে তাদের দখলীয় সেনের হাটের পাঁচতলা ভবন ও সংশ্লিষ্ট সম্পত্তি বন্ধক হিসেবে দেওয়ার কথা ছিল। পাশাপাশি চুক্তির শর্ত অনুসারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করার বিষয়ও উল্লেখ ছিল। তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় অতিবাহিত হলেও চুক্তির শর্ত বাস্তবায়ন করা হয়নি। একাধিকবার যোগাযোগ, আলোচনা ও সমঝোতার চেষ্টা করেও তিনি প্রদত্ত অর্থ ফেরত পাননি এবং প্রতিশ্রুত কার্যক্রমও সম্পন্ন হয়নি। সংবাদ সম্মেলনে তিনি অবিলম্বে তার পাওনা ৭০ লাখ টাকা ফেরত, চুক্তির আওতায় প্রদত্ত জামানত ও নিরাপত্তা দলিলের আইনগত নিষ্পত্তি এবং বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি জানান। মোহাম্মদ আলমগীর বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করা হলে তিনি দেশের প্রচলিত আইন অনুযায়ী দেওয়ানি ও ফৌজদারি—উভয় ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। একই সঙ্গে তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।