প্রকাশ :: ... | ... | ...

সন্দ্বীপে ভিজিএফ চাল বিতরণে জালিয়াতি, ইউএনওর অভিযানে জরিমানা


সংযুক্ত ছবি

চট্টগ্রামের সন্দ্বীপে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণে জালিয়াতির অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে সরেজমিন পরিদর্শনে গিয়ে অনিয়মটি শনাক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে মুছাপুর ইউনিয়নে ভিজিএফ কার্ড সরবরাহে জালিয়াতির ঘটনা ধরা পড়ে। এ ঘটনায় মো. আরিফুর রহমান নামে এক ব্যক্তিকে দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২-এর ৩৮ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। পরিদর্শনকালে ইউএনও আমজাদ হোসেন বলেন, ভিজিএফ চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। প্রকৃত উপকারভোগীরা যেন তাদের প্রাপ্য সহায়তা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।