চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় দুই উপ-পরিদর্শক (এসআই)সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে সারিকাইত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে মাদকসহ দিদার নামে এক ব্যক্তিকে আটকের তথ্য পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে তারা স্থানীয় বিএনপির দুটি পক্ষকে সংঘর্ষে লিপ্ত দেখতে পায়। সংঘর্ষে মান্না নামে এক ব্যক্তি গুরুতর আহত হলে স্থানীয় মাদকচক্র ও তাদের অনুসারীরা পুলিশের ওপর দায় চাপিয়ে সংঘবদ্ধ হামলা চালায়। একপর্যায়ে ৫০ থেকে ৬০ জনের একটি দল পুলিশ সদস্যদের ঘিরে ফেলে এবং হামলা করে। এতে এসআই আপেল ও এসআই নূর মোহাম্মদসহ কয়েকজন আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ফাহিম, তাহিন ও নিলয় নামে তিনজনকে আটক করা হয়েছে। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, হামলাকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।