প্রকাশ :: ... | ... | ...

সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৬


সংযুক্ত ছবি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই উপ-পরিদর্শক (এসআই)সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে খবর পাওয়া যায়, সারিকাইত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গাজী হানিফের বাড়ির সামনে স্থানীয় লোকজন দিদার নামে এক মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করে রেখেছে। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে রাত্রিকালীন ডিউটিতে থাকা একটি পুলিশ দলকে ঘটনাস্থলে পাঠান। রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এসআই নুর মোহাম্মদ ও এএসআই আপেল মাহমুদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তদের পক্ষের ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা গাজী হানিফ ও দিদারের বাড়িতে ভাঙচুরের চেষ্টা করে। পুলিশ জানায়, হামলাকারীদের শান্ত থাকার আহ্বান জানানো হলেও তারা উল্টো পুলিশের ওপর চড়াও হয় এবং সরকারি কাজে বাধা দেয়। একপর্যায়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ, কিল-ঘুষি ও লাথি মেরে পুলিশ সদস্যদের আহত করে এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ ঘটনায় এসআই নুর মোহাম্মদ, এএসআই আপেল মাহমুদসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে কনস্টেবল গুরিঙ্গা চাকমা, বিপুলেশ্বর, সাইফ উদ্দিন, সারোয়ার হোসেন ও ফেরদৌস রয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ শান্ত (২২), এমরান হোসেন নিলয় (২০), মো. সাহেদ (২৮), দিদারুল আলম (২৬), মিনহাজ (১৯) ও মোহাম্মদ শাওন (১৯)-কে গ্রেফতার করে। এ ঘটনায় সন্দ্বীপ থানায় মামলা নম্বর-০৬, তারিখ ২৫ মার্চ ২০২৬, দণ্ডবিধির ১৪৩/১৮৬/৩৩২/৩৫৩/৩৩৩/৩০৭/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন এসআই উত্তম রায় চৌধুরী।