চট্টগ্রামের বাঁশবাড়িয়া-গুপ্তছড়া নৌরুটে যাত্রীবাহী একটি স্টিমার ড্রেজারের পাইপে ধাক্কা দিলে ড্রেজারের কয়েকটি পাইপ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় স্টিমারে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্দ্বীপগামী স্টিমারটি বাঁশবাড়িয়া থেকে ছেড়ে সন্দ্বীপ প্রান্তে পৌঁছালে খালের মুখে অবস্থানরত একটি ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লাগে। এতে ড্রেজারের কয়েকটি পাইপ ফেটে যায়। ঘটনার সময় স্টিমারে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সূত্র জানায়, খালের মুখে একটি ড্রেজার অবস্থান করছিল এবং সেখানে ড্রেজিং কার্যক্রমের বিভিন্ন সামগ্রী রাখা ছিল। অভিযোগ রয়েছে, পরিস্থিতি বিবেচনা না করেই স্টিমারের মাস্টার ওই পথ দিয়ে প্রবেশের চেষ্টা করেন। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাদের দাবি, যে পথ দিয়ে নিরাপদে স্টিমার চলাচল সম্ভব ছিল না, সেই পথ দিয়ে স্টিমার চালানোর সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ ছিল। ঘটনার পর যাত্রীদের সঙ্গে স্টিমারের মাস্টারের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। যাত্রীরা জানান, সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ড্রেজার পরিচালনাকারী প্রতিষ্ঠানের জিএম (অপারেশন) মমিতুর রহমান বলেন, “আর মাত্র ১০ মিনিট অপেক্ষা করলে এ ঘটনা ঘটত না। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত করে নিরূপণ করতে হবে।” তবে স্টিমারের মাস্টার অভিযোগ অস্বীকার করে বলেন, “ড্রেজার কর্তৃপক্ষ স্টিমার আসতে দেখেও সরেনি। আমি পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ চেষ্টা করেছি।” এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা নৌপথে যাত্রী চলাচলের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্কতা ও সমন্বয়ের দাবি জানিয়েছেন।