| ছবি: ইলিয়াছ সুমন
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সাপের উপদ্রব ও সাপকাটা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ব্যক্তিগত উদ্যোগে ২০টি অ্যান্টিভেনম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করেছেন সমাজকর্মী ও ব্যবসায়ী আমির হোসেন আজাদ। সোমবার (২২ জুন) হারামিয়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাসের কাছে অ্যান্টিভেনমগুলো হস্তান্তর করেন। আমির হোসেন আজাদ উপজেলা কমপ্লেক্স টাউন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং রাজকন্যা শপিং ও রাজকন্যা মোবাইল মিডিয়ার কর্ণধার। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার মধ্যে সন্দ্বীপ উপজেলায় সাপের আতঙ্ক তুলনামূলক বেশি। সম্প্রতি এক সপ্তাহের ব্যবধানে সাপকাটার ঘটনায় দুইজনের মৃত্যুর খবর এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে। অ্যান্টিভেনম হস্তান্তরকালে আমির হোসেন আজাদ বলেন, “সাম্প্রতিক সময়ে সন্দ্বীপে সাপের কামড়ে দুইজনের মৃত্যুর ঘটনা আমাকে মর্মাহত করেছে। মানবিক দায়িত্ববোধ থেকে ব্যক্তিগত উদ্যোগে এই অ্যান্টিভেনম সরবরাহ করেছি। আশা করি, এগুলো সাপকাটা রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।” উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাস বলেন, “কাউকে সাপে কামড়ালে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে হবে। অ্যান্টিভেনম প্রয়োগের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য ওষুধ ও চিকিৎসাসেবা হাসপাতাল থেকে প্রদান করা হবে।” তিনি সাপের কামড়ের ক্ষেত্রে বিলম্ব না করে দ্রুত হাসপাতালে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।