| ছবি: সংগ্রহীত
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় হাম প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৩৯ হাজার ৫২৩ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মানস বিশ্বাস। তিনি জানান, সাম্প্রতিক সময়ে সারাদেশের মতো সন্দ্বীপেও হাম রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত এই টিকাদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, ক্যাম্পেইনের আওতায় সন্দ্বীপ উপজেলার ১টি পৌরসভা, ১৫টি ইউনিয়ন, ১৪৪টি ওয়ার্ড, ২০০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ২৯৬টি আউটরিচ ইপিআই টিকাকেন্দ্রে এই ভ্যাকসিন প্রদান করা হবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার তথ্যমতে, ৫ বছরের কম বয়সী মোট ৩৯ হাজার ৫২২ জন শিশুকে টিকা দেওয়া হবে। এর মধ্যে ৫ হাজার ৯৮ জন শিক্ষার্থী এবং ৩৪ হাজার ৪২৪ জন কমিউনিটির শিশু অন্তর্ভুক্ত রয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ করবেন ৪৫ জন টিকাদানকারী এবং ৩৬০ জন স্বেচ্ছাসেবী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) মুনছুর আলম, স্বাস্থ্য পরিদর্শক হাওয়ান্নুর বেগম, স্বাস্থ্য সহকারী ফারহানা ইয়াছমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।