প্রকাশ :: ... | ... | ...

বন্যায় ক্ষতিগ্রস্ত সন্দ্বীপের ৫০ কৃষক পেলেন সার-বীজ


সংযুক্ত ছবি

| ছবি: ইলিয়াছ সুমন

চট্টগ্রামের সন্দ্বীপে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সার ও সবজির বীজ বিতরণ করেছে কোস্ট ফাউন্ডেশন। সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলার এনাম নাহার মোড়স্থ কোস্ট ফাউন্ডেশনের কার্যালয়ে রহমতপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। কোস্ট ফাউন্ডেশনের PROTECT (Providing Relief and Opportunities Through Emergency Community Trust) প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় চাষাবাদে ফিরিয়ে আনা এবং তাদের জীবিকা পুনরুদ্ধারে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। বিতরণ অনুষ্ঠানে কৃষকদের হাতে সার ও বিভিন্ন ধরনের সবজির বীজ তুলে দেন কোস্ট ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মাকছুদুর রহমান, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা রাজীব ঘোষ ও প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা। কোস্ট ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, সাম্প্রতিক বন্যায় সন্দ্বীপের বিভিন্ন এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের কৃষিকাজ পুনরায় শুরু করার সুযোগ তৈরি করতে সার ও সবজির বীজ বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের ঘুরে দাঁড়ানোর পাশাপাশি পরিবারের খাদ্য ও আয়-রোজগারের সুযোগ তৈরি হবে। এ কর্মসূচিতে সহযোগিতা করছে স্টার্ট ফান্ড বাংলাদেশ। বাস্তবায়ন করছে কোস্ট ফাউন্ডেশন।