প্রকাশ :: ... | ... | ...

সন্দ্বীপে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহিদ পরিবারকে সংবর্ধনা


সংযুক্ত ছবি

চট্টগ্রামের সন্দ্বীপে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল এবং শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল জুলাই শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সচেতনতামূলক আয়োজন। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহিদদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং জুলাই শহিদ পরিবারের সদস্যরা। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে উপজেলা কমপ্লেক্সের কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর। সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহিদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অন্যদিকে একই দিন বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি এনাম নাহার মোড় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এনাম নাহার প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আবদুল জব্বার বলেন, দেশের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, সেক্রেটারি মাওলানা আবু তাহেরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও শহিদদের আত্মত্যাগ সম্পর্কে তুলে ধরা হয়। দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্দ্বীপজুড়ে দিবসটি উৎসবমুখর ও মর্যাদাপূর্ণ পরিবেশে পালিত হয়। শহিদদের স্মরণ, তাঁদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন এবং গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে বিভিন্ন আয়োজন সম্পন্ন হয়।