| ছবি: সংগ্রহীত
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সন্দ্বীপে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, র্যালি, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার। এতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন। অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা আতিকুল্লাহ, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ সুজন হাওলাদার, কোস্ট গার্ডের কর্মকর্তা, সফল মৎস্যচাষি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর বিভিন্ন দিক ও দেশের অর্থনীতি, পুষ্টি এবং কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একই সঙ্গে মাছ চাষ এখন গ্রামীণ অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে উঠেছে। বক্তারা আরও বলেন, আধুনিক ও পরিকল্পিত পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যচাষিদের আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। জলাশয়ের যথাযথ ব্যবহার, মাছের প্রজনন ও সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তারা। আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বিভিন্ন কার্যক্রমে অবদান রাখা ব্যক্তি ও সফল মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, মৎস্যচাষিদের কাজের স্বীকৃতি ও পুরস্কার তাদের আরও উৎসাহিত করবে। পাশাপাশি নতুন উদ্যোক্তারাও মাছ চাষে আগ্রহী হবেন। পরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, মৎস্যচাষি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে উপজেলা মৎস্য পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পোনা অবমুক্তের মধ্য দিয়ে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের সুষ্ঠু ব্যবহার এবং মৎস্যসম্পদ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টারসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সন্দ্বীপের মৎস্যসম্পদের সম্ভাবনাকে কাজে লাগানো, আধুনিক পদ্ধতিতে মৎস্যচাষে উৎসাহ দেওয়া এবং চাষিদের স্বাবলম্বী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে সন্দ্বীপের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে এবং দেশের অর্থনীতিতে এ খাতের অবদান বাড়বে।