| ছবি: সংগ্রহীত
চট্টগ্রামের সন্দ্বীপে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার ২০০ কৃষকের মাঝে পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে উফশী রোপা আমন জাতের বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন। এ সময় তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে সরকার এ কর্মসূচি বাস্তবায়ন করছে। বিনামূল্যে বিতরণ করা আমন ধানের বীজ কৃষকদের উৎপাদন পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টারসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা। অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে উফশী রোপা আমন জাতের বীজ বিতরণ শুরু হয়।