প্রকাশ :: ... | ... | ...

বদলির সাড়ে চার মাস অতিক্রম হলেও দায়িত্বভার হস্তান্তরে ইউএইচএফপিও'র গড়িমসি


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অন্যত্র বদলির আদেশ পাওয়ার সাড়ে চার মাস অতিক্রমের পাশাপাশি পদ থেকে মুভ আউট হওয়ার পরও একই পদে পদায়নকৃত নতুন কর্মকর্তাকে কাগজে-কলমে দায়িত্বভার বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জসিম উদ্দিনের বিরুদ্ধে। এতে একই পদে পদায়নকৃত ডা. অমিত দে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী নিয়মিত হাসপাতালে গিয়ে দায়িত্ব পালন করলেও কাগজে কলমে দায়িত্বভার না পাওয়ায় আর্থিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে দেখা দিয়েছে চরম স্থবিরতা। বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম গত (১৬ জুন) পদায়নকৃত ডা. অমিতকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য ডা. জসিম উদ্দিনকে নির্দেশ প্রদান করে একটি পত্র দেন। এরপরও তিনি (জসিম) সিভিল সার্জনের ওই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরেক রকমের ছলচাতুরির মাধ্যমে চেয়ার আঁকড়ে থাকার পাঁয়তারা করছেন। জানা গেছে, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে থাকাকালীন ডা.জসিম জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) পদে পদোন্নতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করলে তাকে ২০২৫ সালের (৭ আগস্ট) পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতির আদেশে বলা হয়, একই মাসের ১৩ তারিখের মধ্যে মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে সরাসরি বা ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র প্রেরণের জন্য বলা হয়। সে মতে তিনি (জসিম) যোগদানপত্র প্রেরণ করলে চলতি বছরের (২৮ জানুয়ারি) তাকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) হিসেবে পদায়ন করা হয় এবং (৩ ফেব্রুয়ারি) পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে চিঠিতে উল্লেখ করা হয়। উক্ত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়। তবু্ও এসব আদেশকে উপেক্ষা তিনি সাতকানিয়ায় স্বপদে বহাল থেকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করেছেন। এর মধ্যে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসারকে (আরএমও) দায়িত্ব দিয়ে তিনি (জসিম) হজ্ব টিমের চিকিৎসক হিসেবে সৌদি আরব গমন করেন। ইতোমধ্যে ডা. অমিত দে'কে সাতকানিয়া উপজেলায় ইউএইচএফপিও পদে পদায়ন করলেও এ পর্যন্ত তাকে লিখিতভাবে দায়িত্বভার বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণের অপকৌশল নিয়েছেন ডা. জসিম। শুধু তাই নয়, ডা. অমিতকে দায়িত্ব বুঝিয়ে দিতে (১৬ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন চিঠি দিলেও আদেশটি তিনি অমান্য করেন। এদিকে, সদ্য পদায়নকৃত ডা. অমিত দে'কে কাগজে-কলমে দায়িত্বভার হস্তান্তর না করায় চলতি অর্থবছরের বিভিন্ন বিল উত্তোলন করা সম্ভব হচ্ছে না। আগামী সোমবার (২২ জুন) এসব বিল উত্তোলনের সর্বশেষ সময়। তাই ওই সময়ের মধ্যে বিলগুলো উত্তোলন করতে না পারলে চলতি অর্থ বছরে বরাদ্দকৃত অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে ফেরত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন ব‍্যাহত হওয়ার পাশাপাশি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাতকানিয়া উপজেলার বাসিন্দা মো. সাইফুদ্দিন বলেন, দীর্ঘদিন আগে বদলির আদেশ হওয়া সত্ত্বেও এখনো নতুন কর্মকর্তাকে দায়িত্বভার হস্তান্তর না করায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। একটি গুরুত্বপূর্ণ সরকারি পদে এ ধরনের দীর্ঘসূত্রিতা স্বাস্থ্য সেবার স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা রাখি। সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. অমিত দে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমি নিয়মিত কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করছি। তবে সদ্য বিদায়ী ইউএইচএফপিও আমাকে এখনো পর্যন্ত কাগজে-কলমে দায়িত্বভার হস্তান্তর করেননি। বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জসিম উদ্দিন বলেন, আমি উনাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। সেখানে কিছু আর্থিক বিষয় আছে সেগুলো আগামীকাল (রোববার) বুঝিয়ে দিব। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম খবরের কাগজকে বলেন, এ বিষয়ে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আগামীকালই (রোববার) সিভিল সার্জন কার্যালয়ে এসে তিনি (জসিম) দায়িত্বভার হস্তান্তর করবেন।