প্রকাশ :: ... | ... | ...

সাতকানিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৫


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের চাঁদের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। উভয় পক্ষের আহতরা হলেন- জামাল হোসেন (৫৬), মো. সুমন (৪৫), সেলি আক্তার (৫০), আরজু (৩০) ও হাসান (৪০)। জানা যায়, দু'পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই প্রেক্ষিতে, বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন। খবর পেয়ে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রোমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে উভয় পক্ষের আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। আহত জামালের ভাতিজি শাহিন আক্তার বলেন, রাত ৯টার দিকে আমার চাচা জামাল নামাজ পড়ে বাড়িতে আসার সময় আরজুর সঙ্গে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে আরজু তাকে মারধর করেন। তখন আমাদের পরিবারের সদস্য সানজিদা ও তাসিন বের হলে তাদেরকেও মারধর করা হয়। পরবর্তীতে তারা একত্রিত হয়ে হামলা চালায়। এতে জামাল, সুমন ও সেলি আক্তার গুরুতর আহত হন। এদিকে আহত আরজু বলেন, তারা আমাদের চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা করছে। বুধবার রাতে জামালসহ আরও কয়েকজন আমাদেরকে চলাচলে বাধা দেয়। তখন আমরা প্রতিবাদ করলে তারা আমাদেরকে বেধড়ক মারধর করেন। সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রোমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।